ফেসবুকে আমি

Bangla Poem & SMS on Facebook Join here & submit your sms, poems.
অরুণ কারফা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অরুণ কারফা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আমি জনম জনম চাইব এমন

আমি জনম জনম চাইব এমন
দিনেরি আগমন, যখন তুমি এসে,
খুলে দিয়ে মনের সব ক’টা বাঁধন
ভরিয়ে তুলবে তারে মুক্তির আশ্বাসে।
চিত্ত জানি বদ্ধ এমন এক আবর্তে
যার থেকে পারবনা বেরোতে বাইরে
যতক্ষণ না পারছি প্রতিজ্ঞা করতে
প্রাণ চায় যারে বরণ করব তারে।


জানি বাধা বিপত্তি আসে সহস্র শত
তবু দমলে চলবে না তার সামনে
কারণ কিছুই নেই প্রণয়ের মত
যা দেয় সুখ সতত শয়নে স্বপনে।
প্রেম ব্যতিরেকে জীবন যায় কি গড়া
নাকি প্রাণের বিকাশ হয় প্রেম ছাড়া।


- অরুণ কারফা

যেদিকে দুচোখ চায়

যেদিকে দুচোখ চায়
শুকনো পাতাই দেখা যায়
তারি মাঝে সোনার সাজে
কয়েক বিন্দু শিশির লাজে
ঘুচিয়ে রাতের কালো
ছড়াচ্ছে খুশীর আলো।

গড়নখানা মুক্তোর মত
তাইতো তৃনকুলও ব্যস্ত
অবনত করতে মাথা,
যা দেখে ভেজা পাতা
এতই সিক্ত ভীষণ
অতিথির মত স্বতস্ফূর্ত
জানাচ্ছে সম্ভাষণ।

এরই মাঝে রবির কিরণ
চমকিত করে শিশিরের নয়ন
ঝলসিত করল পরিবেশ এমন
শিরশির করে উঠল কেঁপে
উত্তুরে হাওয়ার কোমল মন।

- অরুণ কারফা।

ইচ্ছে করে অনেক দূরে

ইচ্ছে করে অনেক দূরে
জনবসতিকে ছেড়ে ছুড়ে
সেই প্রান্তরে যাই,
যেখানে ভরা গাছপালায়
আর সবুজের অবাধ মেলায়
জন মানব বিশেষ নাই।

যেখানে শ্যামল বন

আর তার মন
ছড়িয়ে দিয়ে প্রাণের স্পন্দন
ভরিয়ে তোলে আকাশ বাতাস,
তিরতির করে পাতাগুলো কেঁপে
প্রকৃতিতে দেয় নিজেদের সঁপে
ঝরে পড়ার পূর্বাবধি
এমনই সে বিশ্বাস।

হিসেবের তবু ইচ্ছে জাগে মনে
কি পাব কি দিয়ে বিপণনে
শান্তি আসবে কোলাহলের স্থানে
আর বিশ্বাসঘাতকতা
শব্দটা হবে দুর্লভ,
নগর সভ্যতার আনাচে কানাচে
যে চাকচিক্য ঘুরছে জীবনে
বঞ্চিত হয়ে তা থেকে ক্ষণে
শুধু শোনা যাবে পাখীর কলরব।


- অরুণ কারফা।

শুধু এক প্রতিমা

আমার চোখে তুমি শুধু এক প্রতিমা
যার মিলবেনা কোনও এক উপমা
ভালবাসার কোন সীমানা নেই যার
তাই তো গো তুমি মানস কন্যা আমার।
তোমাকে কখনো কর্দমের তালে গড়ি
কখনো বা চিত্রপটে আবিস্কার করি
যে রূপেই দেখা পাই না তোমার আমি
তোমাতে নিবেদিত বিশিষ্ট অনুগামী।

প্রতি মূহূর্তে তাই তো প্রিয় তিলোত্তমা
ভাঙছ গড়ছ নিজেই নিজের সীমা
উত্তোরত্তর বাড়িয়ে তার উৎকর্ষতা
ছাড়িয়ে যাচ্ছ নিজেরই নিজে উচ্চতা।
তোমায় মোহিত পুরুষেরা তাই ভাবে
কি করে কি ভাবে কখন সান্নিধ্য পাবে।

- অরুণ কারফা

ভালবাসার জয়

এত ফুল ফুটেছে তবু
ভালবাসার শেষ নেই
চিন্তিত মালী জল ঢেলে যায়
ঢালত যেমন অতিতেই।

কাঠের স্তূপ জমেই চলেছে
তবু থামার নাম নেই
কাঠুরিয়া কাঠ কেটেই চলেছে
আগের মত গতিতেই।

এ যেন এক প্রতিযোগিতা
কে পায় গাছের চিত্ত
কাঠুরিয়া কাঠ পেলেও অজস্র
মালীই হয় তার মিত্র।

- অরুণ কারফা।

না বলা কথা

তার সাথে আমার প্রথম পরিচয়ে
হয়নি অনেক মনের কথা
একটা কথা রয়েছে বাকি
ধীরে ধীরে বাড়লেও ঘনিষ্টতা।

মাঝে মাঝে ভাবি কী লাভ এমন
সম্পর্ককে আরও গভীর করে
যদি বলতেই না পারি মনের কথা
এগোতে না পারি সূত্র ধরে।

আবার মনে হয় কি আছে এমন
ঐ একটা কথার মধ্যিখানে
যা বলতে গেলেই কণ্ঠ রুদ্ধ হয়
খটকা লাগে নিজেরি মনে।

বুঝলাম এরই নাম ভালবাসা
যা বলাও যায়না মুখটা খুলে
অথচ, ঢেড় সময় বয়ে যায়
কাজের মধ্যে দিয়ে বোঝাতে গেলে।

- অরুণ কারফা।
Related Posts with Thumbnails